লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মাত্র ৮ মাস হলো। নিয়মানুসারে এখনও ২ বছর ৪ মাস বাকি তার এই পদে থাকার মেয়াদ। যদিও সুপ্রিম কোর্টের বাধ্যবাধকতার কারণে, একটা ঝামেলার সামনে রয়েছেন। তবে, এরই মধ্যে চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেছে, সৌরভ গাঙ্গুলির আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়া নিয়ে। এ নিয়ে চারদিকে আলোচনা চললেও, এতদিন নিজে থেকে কোনো কথাই বলেননি সৌরভ। এবার সে ব্যাপারে মুখ খুলেছেন এবং বিষয়টা নিয়ে তিনি মানসিকভাবে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হলেও, সেই পদে ক্রিকেটীয় মানসিকতাই সঙ্গী সৌরভ গাঙ্গুলির। এমনকি ভবিষ্যতে আইসিসি চেয়ারম্যান হয়ে গেলেও, সেই একই মানসিকতাই সঙ্গী থাকবে বলে জানিয়েছেন কলকাতার মহারাজ। বিসিসিআই সভাপতির পদে গত আট মাসে বেশ কিছু চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে সৌরভের বোর্ডকে। এক ওয়েবিনারকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ এই অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারা সৌভাগ্যের ব্যাপার। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, খেলাটাকে আরও ভাল করার ক্ষেত্রে এটা আরও একটা সুযোগ। তবে আমি সব সময়ই খেলোয়াড়দের লোক থেকে যাব। ওদের আবেগের কথা আমি জানি।’
বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ঘরোয়া ক্রিকেটে নজর দেওয়ার কথা বলেছিলেন সৌরভ। ক্রিকেটারদের আর্থিক দিকেও চোখ রাখবেন বলে জানিয়েছিলেন; কিন্তু, করোনার কারণে ক্রিকেট এখন স্তব্ধ। এই আবহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) সৌরভের চেয়ারম্যান হওয়ার জোর গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে সৌরভের নিজের মতামত কি? জানতে চাইলে কোনো রাখঢাক করেননি সৌর। তিনি খেলেছেন সোজা ব্যাটেই। সৌরভ বলেন, ‘আমি ব্যাপারটাকে সহজভাবেই দেখি। যেটাই করি, তাতেই সেরাটা দিই। নিজের জানার মধ্যে কিংবা অজান্তে অনেক পদের সঙ্গে জড়িয়ে পড়েছি আমি। তবে আমার পদ্ধতি সরল। যেভাবে সেরা মনে হয়, সেভাবেই যে কোনো কাজ করি।’ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী সৌরভ। তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেট এখনও অনেক দুর এগিয়ে যাবে। আরও অনেক বেশি প্রস্ফুটিত হবে। সৌরভ বলেন, ‘ভারতীয় ক্রিকেট যোগ্য হাতে রয়েছে। সুনিল গাভাস্কার যখন শেষ করেছিলেন, তখন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা উঠে এসেছিলেন। এখন বিরাট কোহলির সময়। ভারত থেকে আগামী দিনেও চ্যাম্পিয়ন খেলোয়াড় ঠিক বেরিয়ে আসবে। এটা অনেকটা ফুটবলের ব্রাজিলের মতো। কোথা থেকে যে প্রতিভা বেরিয়ে আসবে, তা কেউ জানে না। ছেলে-মেয়েদের মধ্যে প্যাশন এতটাই এখানে। আমরা বরাবরই ক্রিকেটে শক্তিশালী থাকব আর বিশ্বে দাপট দেখাব।’





