লোকসমাজ ডেস্ক॥ কোপা ইতালিয়া দিয়ে ফুটবল ফিরেছে ইতালিতে। আগের দিন ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। এবার জায়গা করে নিয়েছে নাপোলিও। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগটি ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। আগের লেগটি ১-০ গোলে জেতায় তাদের ফাইনাল নির্ধারিত হয়েছে দুই লেগ মিলিয়ে (২-১)। করোনার কারণে ইতালিতে ফুটবল বন্ধ ছিল এতদিন। কাপের প্রথম লেগটি হয়েছিল সেই ফেব্রুয়ারিতে। অবশেষে মাঠে খেলা গড়ালেও তাতে রয়ে গেছে বৈপরীত্য! তখন ৬০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকলেও এবারের ম্যাচটি ছিল দর্শকহীন। তাতেও অবশ্য উত্তেজনার কমতি ছিল না মাঠে।
আগের লেগে এগিয়ে থাকায় নাপোলিকে নিয়ে প্রত্যাশাও ছিল খুব। কিন্তু ম্যাচের দ্বিতীয় মিনিটেই সবাইকে স্তব্ধ করে দেন ইন্টারের এরিকসেন। কর্নার থেকে সরাসরি গোল করে এগিয়ে নেন দলকে। ইন্টার ভালো কিছুর সম্ভাবনা জাগালেও এই অগ্রগামিতা স্থায়ী হয়নি বেশিক্ষণ। নাপোলি সমতা ফিরিয়েছে বিরতির আগেই। প্রতি আক্রমণে ৪১ মিনিটে তাদের সমতা ফেরানো গোলটি করেন বেলজিয়াম ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স। এই গোলটি করেই নাপোলির হয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি। ক্লাবটির ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। দীর্ঘদিন থাকায় ক্লাবটির সঙ্গে মের্টেন্সের সম্পর্কটাও হয়ে গেছে গভীর। তাই নাপোলি ভক্তদের কাছে মের্টেন্স ‘সিরো’ নামেই পরিচিত। ১২২তম গোলটির ফলে তিনি পেছনে ফেলেছেন স্লোভাকিয়ার মেরেক হামশিককে। তার চেয়ে এক গোল বেশি মের্টেন্সের। অবশ্য ক্লাবটির আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা থেকে ৭ গোলে এগিয়ে আছেন তিনি। নাপোলি সর্বশেষ ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ২০১৪ সালে। আরেকটি শিরোপার আশায় তারা জুভেন্টাসের মুখোমুখি হবে বুধবার দিবাগত রাতে।





