গণবিরোধী বাজেট প্রত্যাখ্যানের আহ্বান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা নেতৃবৃনেদর

২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক, গণবিরোধী’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি মোকাবিলায় স্বাস্থ্য, কৃষি, শিল্প ও শ্রমজীবী জনগণের জীবন ও জীবিকা রক্ষা প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে কেনো দিক নির্দেশনা নেই। করোনা মোকাবিলায় ব্যর্থতা ও দেশের স্বাস্থ্যব্যবস্থার করুণ চিত্রই উন্মোচিত হয়েছে। সাথে সাথে সরকারের উন্নয়নের গালভরা বুলির ওপর চপেটাঘাত করে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ ও শোষকশ্রেণির সেবাদাসত্বের নগ্নচিত্র ফুটে উঠেছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও ‘সবার জন্য চিকিৎসা’ নিশ্চিত করার দিকনির্দেশ নাই, মূলত ‘টাকা যার চিকিৎসা তার’ এই নীতিতেই স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়। এছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়, যা মূলত মধ্যস্বত্বভোগী, ধনী কৃষক এবং বহুজাতিক কোম্পানি লাভবান করবে। সরকার ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিলেও বাজেটে মোবাইল ফোন কল, ইন্টারনেট, অনলাইন শপিংয়ের খরচ বৃদ্ধি করেছে। নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী গতানুগতিক প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রত্যাখান করার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

ভাগ