সাতক্ষীরায় নৈশ প্রহরীকে বেঁধে ইজিবাইকের শোরুমে চুরি

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা শহরে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ইজিবাইকের শোরুমে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এ সময় ওই শোরুম থেকে ইজিবাইকের ৭০ টি ব্যাটারি, একটি কপি মেশিনসহ ছয় লাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে শহরের আটপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটপুকুর এলাকার হাবিব ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। এরপর রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল হামিদ তার বাড়িতে গিয়ে জানান, নৈশপ্রহরী রওশনকে বেঁধে রেখে একদল চোর তার শোরুমের মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, চোরেরা ইজিবাইকে ব্যবহারের জন্য নতুন ২৫টি ও পুরাতন ৪৭টি ব্যাটারি নিয়ে গেছে। এ ছাড়াও ২৫ হাজার টাকা মূল্যের একটি কপি মেশিনসহ ইজিবাইকের বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে যায়। মোট ছয় লাখ টাকার মালামাল চুরি গেছে বলে তিনি দাবি করেন। সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওই মার্কেটের নৈশ প্রহরী রওশন আলীকে সকালে থানায় আনা হয়েছে।

ভাগ