মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এএসআই রওশন আলী ও এএসআই সজল উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের জোনাব কামারের মেয়ে মাসুরা খাতুনের বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালান। এ সময় তার ভাই আইনাল হোসেন (৩২), জয়নাল হোসেন (২৫) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইসরাফিল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে। এতে এস.আই আবুজার গিফারী, এ.এস.আই সজল, এএসআই রওশন, কনস্টেবল মনির ও রকিব উদ্দিন আহত হন। পরে তারা থানায় ফিরে এসে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে ভারতীয় তিন বোতল মদ ও ১ কেজি গাঁজাসহ আটক করেন। এ সময় মাদক ব্যাবসায়ী মাসুরা পালিযে যায় । মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া সরকারি কাজে বাধাদানের কারণে একই দিনে আরও একটি মামলা হয়েছে। শনিবার সকালে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।





