কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়া পৌর সদরে এক ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে। শনিবার তার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। এ নিয়ে এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমান রাজু (৪১)। তিনি তার পরিবারসহ কলারোয়া থানার পার্শ্ববর্তী পৌরসভাধীন গদখালী গ্রামে আলহাজ আরাফাত হোসেনের মালিকানাধীন ভবনের একটি ফ্যাটের ভাড়া বাসায় থাকতেন। শনিবার আক্রান্ত ব্যক্তির কলারোয়া পৌরসভাধীন ওই ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস।





