লোকসমাজ ডেস্ক॥ অবনমন অঞ্চলে থাকা ভেরডার ব্রেমেনকে মঙ্গলবার হারাতে পারলেই আবারও শিরোপা হবে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগার রেকর্ড ৩০তম আর টানা অষ্টম শিরোপা জয়ের দিকে এগিয়ে চলা বায়ার্ন শনিবার ২-১ গোলে হারিয়েছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখকে।
দিনের প্রথম ম্যাচে ডুসেলডর্ফকে আর্লিং হালান্ডের দেওয়া একমাত্র গোলে হারিয়ে বায়ার্নকে বেশে চাপে ফেলে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এ ম্যাচটা ড্র হয়ে গেলে প্রধান প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড পাঁচ পয়েন্ট ব্যবধান নিয়ে এসে পড়তো ঘাড়ের ওপর। শিরোপা লড়াইটা তখন পৌঁছে যেতো রোমাঞ্চকর জায়গায়। সেটি হতে দেননি লিওন গোরেৎস্কা। শেষ বাঁশির চার মিনিট আগে গোরেৎস্কার গোলেই ঘরের মাঠে জয়ের আনন্দে ভেসেছে বায়ার্ন। জিতলেও ভালো খেলেনি জার্মান চ্যাম্পিয়নরা। এটা অবশ্য প্রত্যাশিতই ছিল। কারণ এই লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মিলিতভাবে ৬০ গোলে অবদান রাখা দুই ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি ও টমাস মুলার খেলতে পারেননি বহিষ্কৃত থাকায়। টিনেজ ডাচ স্ট্রাইকার জশুয়া জিরকির ২৬ মিনিটের গোলে এগিয়ে যাওয়া বায়ার্নের সঙ্গে গ্লাডবাখ সমতা এনে ফেলে একটি আত্মঘাতী গোলে। ৩৭ মিনিটে সেটি করেছেন বায়ার্নের ফরাসি ফুলব্যাক বেঞ্জামিন পাভার। এরপর কিছুতেই আর গোল বের করতে পারছিল না বায়ার্ন। ড্রয়ের হতাশা ক্রমশ ঘিরে ধরেছিল। অবশেষে পাভারের পাসেই জয়সূচক গোল করেছেন গোরেৎস্কা। এরপরও ম্যানুয়েল নয়্যার দুর্দান্ত কয়েকটি সেভ না করলে ড্র-ই হয়তো করতে হতো বায়ার্নকে। এর আগে সন্ধ্যায় ম্যাচের যোগ করা সময়ে (পঞ্চম মিনিট) নরওয়েজিয়ান সেনসেশন হালান্ড গোল করে জেতান ডর্টমুন্ডকে। ৩১ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৩, সমান ম্যাচ খেলে ডর্টমুন্ড দাঁড়িয়ে আছে সাত পয়েন্টেরই ব্যবধানে।





