স্বাদের ভিন্নতায় ঝটপট তৈরি মিষ্টি আলুর খির!

লোকসমাজ ডেস্ক॥ মিষ্টি আলু খেতে পছন্দ করেন নিশ্চয়ই? তবে এই আলু দিয়ে তৈরি খির খেয়েছেন কি? খেতে অসাধারণ হয়ে থাকে মিষ্টি আলুর খির। তাছাড়া এটি খুব উপকারী একটি সবজিও। দেহের নানা রোগ থেকে মুক্তি দেয় এই আলু।
সিদ্ধ কিংবা পুড়িয়ে খাওয়া ছাড়াও মিষ্টি আলুর খির আপনাকে খাবারে এনে দেবে এক ভিন্ন রকম স্বাদ। এছাড়া দারুণ মজার এই খির রান্না করাও বেশ সহজ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: ২ টি মিষ্টি আলু, ১ লিটার তরল দুধ, সিকি কাপ চিনি বা গুড়, ২ চামচ সুজি, ১ কাপ নারকেল, ২ টি এলাচ, সামান্য জাফরান, সিকি কাপ কাজু বাদাম কুচি।
প্রণালী: মিষ্টি আলু সিদ্ধ করে ম্যাস করে রাখুন। চুলায় প্যান বসিয়ে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। একটি পাত্রে নারকেল, এলাচ ও অল্প পানি নিয়ে ব্লেন্ড করুন। দুধের সঙ্গে এই মিশ্রণ, মিষ্টি আলু, চিনি আর জাফরান দিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে এলে ভালো করে সুজি মিশিয়ে নিন। শেষে নামিয়ে ওপরে কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মিষ্টি আলুর খির।

ভাগ