লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার পর ঘোষণা দেওয়া প্রথম নির্বাচনি র্যালি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ জুন যুক্তরাষ্ট্রে দাসত্ব অবসানের তারিখ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে এ ঘোষণা দিলেন তিনি। শনিবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, দিবসটির প্রতি শ্রদ্ধা রেখে এক দিন পর এই র্যালি অনুষ্ঠিত হবে। দাসত্ব থেকে মুক্তির দিনকে স্মরণ করতে আফ্রো-আমেরিকানরা প্রতি বছর ১৯ জুনকে ‘জুনটিন্থ’ হিসেবে পালন করে থাকেন। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ অবসানেরও কয়েক মাস পর এই দিনে সম্মিলিত সামরিক জোটের প্রধান জেনারেল গর্ডন গ্রেঞ্জার টেক্সাসে এসে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সমাপ্ত ও দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দেন। অবশ্য এরও দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা বিলুপ্তির আদেশ সই করেছিলেন। গত সপ্তাহে ট্রাম্প ওকলাহোমার তুলসা শহরে তার নির্বাচনী র্যালি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। একে তো দিবসটি কৃষ্ণাঙ্গদের জন্য একটি স্মরণীয় দিন, তার ওপর এই তুলসাতেই ১৯২১ ঘটেছিল কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতশ্রেষ্ঠত্ববাদীর সবচেয়ে সহিংস হামলার ঘটনা ঘটেছিল। সম্প্রতি জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী তুঙ্গে ওঠার মধ্যে ১৯ জুন ট্রাম্পের এই র্যালির ঘোষণায় তীব্র সমালোচনা শুরু হয়। অবশ্য গত সপ্তাহে র্যালির তারিখ নিয়ে ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘একে উদযাপন হিসেবে ভাবুন। আমার র্যালি হচ্ছে একটি উদযাপন। আমি মনে করি রাজনৈতিক ইতিহাসে কখনও কোনো গোষ্ঠী বা ব্যক্তি আমি যেভাবে র্যালি করেছি সেভাবে করতে পারেনি।’ তবে সমালোচকদের ভাষ্য, ট্রাম্প দিবসটিকে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে তুলসার গুরুত্বকে অসম্মান করছেন। ডেমোক্রেটিক দলের সিনেটর কামালা হ্যারিস বলেছেন, ‘এটা কেবল শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের প্রতি একটি ইঙ্গিতই নয়-তিনি তাদের জন্য স্বাগত উৎসব করছেন।’





