স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে রিতু খাতুন (২২) নামে একজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশের এ মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় রিতু খাতুনের স্বামী মো. মামুনকে (২৪) আটক করেছে। তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুলের ছেলে মামুনের সাথে ৪ বছর আগে বিয়ে হয় কেসমত গ্রামের ওহাব আলীর মেয়ে রিতুর। কিন্তু বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই জের ধরে তিনমাস আগে রিতু পিতার বাড়িতে চলে যায়। এরপর গত ১০ জুন পিতার বাড়ির লোকজন তাকে নিশ্চিন্তপুর গ্রামে স্বামীর বাড়িতে রেখে যান। পরদিন ১১ জুন সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্বামীর বাড়িতে রিতুর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় তার পিতা কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেন। কিন্তু রিতুকে হত্যা করা হয়েছে না-কি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এ কারণে পুলিশ রিতুর স্বামীকে আটক করেছে।





