শ্রীপুর প্রেস কাবের চারতলা ভবনের পিলার ঢালাই কাজের উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুর উপজেলা প্রেস কাবের নিজস্ব জমিতে শুক্রবার সকালে চারতলা ভবনের পিলার ঢালাইয়ের উদ্বোধনের মাধ্যমে মূল কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর, থানা পুলিশের ওসি আলী আহমেদ মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ। এ সময় শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পিলার ঢালাই উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. লিয়াকত আলী। উল্লেখ্য, ১৯৮৪ সালে শ্রীপুর প্রেস কাব প্রতিষ্ঠিত হলেও এখানে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময়ে ভাড়া ঘরে দাপ্তরিক কাজ করে আসছিলেন। অবশেষে শ্রীপুর প্রেসকাব কর্তৃপক্ষ মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অধীন সরকারের খতিয়ানভূক্ত শ্রীপুর সদর মৌজার ১০ শতক জমি বর্তমান বাজার মূল্যের দেড়গুণ ২ লাখ ৮৩ হাজার ৯৪৬ টাকায় খরিদ করে। জমিটি ২০১৭ সালের ২১ নভেম্বর মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সরকারের পক্ষে শ্রীপুর প্রেস কাবের সভাপতি মুসাফির নজরুলের অনুকূলে রেজিস্ট্রি দলিল করে দেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী এই দলিলের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। গত বছরের ১৩ আগস্ট সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে শ্রীপুর প্রেস কাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। শ্রীপুর প্রেস কাবের সভাপতি মুসাফির নজরুল জানান, যারা প্রেসকাবের জমি বরাদ্দ এবং ক্রয়ে কোন না কোনভাবে অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও প্রেসকাবের উন্নয়নে যারা সহযোগিতার হাত প্রসারিত করবেন তাদের নামও প্রেস কাবের অনারবোর্ডে লিপিবদ্ধ করে সাংবাদিকরা সারাজীবন স্মরণ করবেন।

ভাগ