লোকসমাজ ডেস্ক॥ বাজেটকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা বলেছেন এ বাজেট বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিসেবা ও মোবাইল ফোনের ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। বাজেটকে কথার ফুলঝুরির এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থবিরোধী ও লুটেরা শ্রেনীর স্বাথরক্ষাকারী আখ্যায়িত করে তারা প্রত্যাখ্যানের ঘোষনা দেন।
শুক্রবার বাজেট প্রতিক্রিয়া বাংলাদেশ নেজামে ইসলাম পাটির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার আরো বলেন, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কল্পনাবিলাসী। ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার এই লক্ষ্যমাত্রা পূরণে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপানোর পথ সুগম করা হয়েছে। এমনিতে দারিদ্রতা ও করোনা পরিস্থিতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার উপর এই বাজেট গরিবদের জন্য মরার উপর খাঁড়ার ঘা হবে।
নেজামে ইসলাম পার্টির নেতারা আরো বলেন, বাজেটে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকার ঘাটতি পূরণের জন্য দেশি-বিদেশি খাত থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। এর মাধ্যমে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্বের পথে ঠেলে দেয়ার পথ তৈরি হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের অপকর্মকে উৎসাহিত করা হয়েছে, যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কখনোই সুখকর নয়। ৮.২ প্রবৃদ্ধির যে হার নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত।এই হার অর্জন করা কোনভাবেই সম্ভব নয়। সংবাদ বিজ্ঞপ্তি





