আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া, জেলার নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। শুক্রবার (১২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। মৃত কৃঞ্চ গোপাল সাহা (৬৫) শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের ব্যবসায়ী। তিনি ৭ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, ঠাণ্ডা, জ্বর, গলা ব্যাথা অসুস্থজনিত কারণে গত ৩ জুন কৃঞ্চ গোপাল সাহার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ৭ জুন তারিখে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আজ সকালে তার নমুনার ফলাফল আসলে দেখা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন। জেলায় এই প্রথম কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেল। এ দিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় এ পর্যন্ত নতুন করে তিনজনসহ মোট ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন।





