শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীপুর ( মাগুরা ) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুরে খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে ইসরাইল মোলা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি যুবক উপজেলার বারইপাড়া গ্রামের রোস্তম মোলার পুত্র । পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা ইসরাইল মোলা পল্লী চিকিৎসক মোহন মোলার বাড়ির আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় তার হাতে থাকা আম পাড়ার কাঁচা কঞ্চির লগি অসাবধানতাবশত পার্শ্ববর্তী উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের উপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে থাকেন। পরে এলাকাবাসী শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন। শ্রীপুরে থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে লাশ নামানোর পর ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

ভাগ