স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মনিরামপুরের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান নামে একজন এনজিও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে মনিরামপুরে করোনায় আক্রান্ত হলেন মোট ১৩ জন। ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, পল্লী বিদ্যুৎ সমিতির রাজগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম রফিকুল ইসলাম ও এনজিওকর্মী জিয়াউর রহমান জ্বরে আক্রান্ত হয়ে ৭ জুন চিকিৎসা নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জিয়াউর রহমানের বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। তিনি চাঁদপুর জেলায় একটি এনজিওতে চাকরি করেন। তাদের নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুণ কুমার কুণ্ডু জানান, নমুনা দেওয়ার দিন থেকে এজিএম রফিকুল ইসলাম বাসায় কোয়ারেন্টিনে আছেন। উল্লেখ্য, মনিরামপুরে ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।





