অশোক কুণ্ডু, নড়াইল ॥ নড়াইলে কৃষকদের কাছ থেকে কৃষক অ্যাপের মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার ভাদুলীডাঙ্গায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শরিফুল ইসলাম লিটুর বসতবাড়ির চত্বর থেকে জেলা খাদ্য বিভাগের আয়োজনে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ ২০২০ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা, পৌরসভার কাউন্সিলর মো. শরিফুল ইসলাম লিটু, সংসদ সদস্যের প্রতিনিধি মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ভাদুলীডাঙ্গা গ্রামের কৃষক আরতি রানী দাস, বিন্দু ঘোষ ও মো. কোহিনুর রহমানের কাছ থেকে এক টন করে মোট ৩ টন ধান সরাসরি ক্রয় করা হয়। প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকা দরে লটারির মাধ্যমে ৮ হাজার ১ শ একজন কৃষকের কাছ থেকে মোট ৩ হাজার ৮ শ ৩৪ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। কৃষকের বাড়ি থেকে খাদ্য গুদাম পর্যন্ত ধান পৌঁছানোর ব্যয়ভার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষ থেকে করা হচ্ছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম। জেলা প্রশাসক আনজুমান আরা জানান, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা কৃষকের বাড়ি গিয়ে সরাসরি ধান ক্রয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি কৃষকের কথা চিন্তা করে তাদের ধান পৌঁছাতে যেন পরিবহন ব্যয় না হয় সে জন্য খাদ্যগুদামে ধান নেয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করে দিয়েছেন।




