স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগরে সাগর (১৮) নামে এক যুবকের হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শ্যামনগর গ্রামের বাসিন্দা লিটন মিয়ার অভিযোগ, তার দোতলা বাড়ি নির্মাণাধীন। নিচতলার কাজ সম্পন্ন হলেও উপর তলার নির্মাণ চলছে। এই নিচতলায় তারা বসবাস করেন। গত ৫ জুন দিবাগত রাত একটার দিকে অজ্ঞাতানামা চোরেরা খোলা জানালা দিয়ে ঘরের ভেতর ঢুকে মালামাল চুরির চেষ্টা করতে থাকে। এ সময় তার ছেলে সাগর ঘটনাটি দেখে ফেলে এবং একজনকে জাপটে ধরে। ফলে অন্য চোরেরা সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন রাত সাড়ে ৮টার দিকে তার ছেলে এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলো। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি এ সময় তার ওপর চড়াও হয়। তারা তার ছেলেকে মুখ চেপে ধরে পাশের একটি বাঁশবাগানের ভেতর নিয়ে যায়। এরপর তারা তার হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করে। পরে তারা একথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর সাগরের গোঙানি শুনে তাকে উদ্ধার করে। এবং তার চিকিৎসা করনো হয়। তিনি এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।





