স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের গ্রামপুলিশ নুরুজ্জামান বাবুর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ নুরুজ্জামান বাবু চাকুরির পর থেকে এলাকাবাসীর কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায়, নিজের চাচাতো ভাই আব্দুর রহিমকে দিয়ে মাদক ব্যবসা করানোসহ এলাকায় বাল্যবিয়ে বন্ধের নামে অর্থ আদায় করে আসছেন। তার চাচাতো ভাই পাঁচবাঁকাবর্শী গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিমকে এলাকাবাসী ৬০ পুরিয়া গাঁজাসহ আটক করে মেম্বার হাবিবুর রহমানের কাছে সোপর্দ করেন। পরে ওই ইউপি মেম্বার ইউনিয়নের দফাদার নিরাপদ রায়ের মাধ্যমে রহিমকে থানায় সোপর্দ করলে নুরুজ্জামান বাবু ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকে তিনি, তার মাদক ব্যবসায়ী ভাই ও সাঙ্গপাঙ্গরা প্রতিবাদী নিরীহ মানুষদের নানাভাবে হয়রানি ও হুমকি-ধামকি দিচ্ছেন। এ ব্যাপারে ইউপি মেম্বার হাবিবুর রহমান জানান, তিনি নিজেও হুমকির মুখে রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র অভিযোগপত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য কেশবপুর থানা পুলিশকে জানানো হয়েছে।




