বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী করোনা আক্রান্ত # সুস্থতা কামনা অমিতের

স্টাফ রিপোর্টার॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাড.সৈয়দা সাবিহা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সংবাদপত্রে প্রকাশার্থে এক বিবৃতি জনাব মঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোভিড-১৯ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর ছোঁয়া পড়েছে প্রিয় মহানগরী খুলনায়। আক্রান্ত হয়েছেন আমার সহধর্মিনী মানবাধিকার কর্মী অ্যাড. সৈয়দা সাবিহা। সঙ্গতকারণেই চিকিৎসকদের পরামর্শে অর্ধাঙ্গিণী হোম আইসোলেশনে এবং গত সোমবার থেকেই আমি ছেলে-মেয়েকে নিয়ে হোম কোয়ারান্টাইনে রয়েছি। মহান আল্লাহ্’র ইচ্ছায় খুলনা তথা দেশবাসীর দোয়ায় আমরা শারিরিকভাবে সুস্থ ও মানসিকভাবে মহান সৃষ্টিকর্তার প্রতি একান্ত বিশ্বাসে দৃঢ় আছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই খুলনা মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে কর্মহীন নি¤œ-মধ্যবিত্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে মানবিক সাহায্য নিয়ে পাশে দাড়িয়েছিলাম। হোম কোয়ারান্টাইনে থাকলেও মানবিক সাহায্যের এধারা অব্যাহত থাকবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্ত নোনা পানিবন্দি কয়রাবাসীর মাঝে ছুটে গেছিলাম মানবিক সাহায্য নিয়ে। দ্রুততম সময়ের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মানবিক সাহায্য পৌঁছে দেয়া হবে নিরান্ন মানুষের হাতে। করোনায় কর্মহীন ও আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর প্রত্যাশার তুলনায় আমার/আমাদের সামর্থ নিতান্তই সামান্য; সে মনোকষ্ট রয়েছে অব্যক্ত। তবুও অধিকার বঞ্চিত মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ্। এদিকে অ্যাড.সাবিহা খাতুনের আশু সুস্থতা কামনা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

ভাগ