শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ করোনায় আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এমএ জলিল (৮৬)। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকার ধানমন্ডিতে সপরিবারে বসবাসকারী এম. এ জলিল করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তার মরদেহ শ্রীপুর উপজেলার নিজ গ্রাম বরিষাট গ্রামে আজ (বুধবার) দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ড. এম. এ জলিল ১৯৮০ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি প্রাইম ইউনিভার্সিটির ডিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি করতেন। ঢাকাস্থ মাগুরা জেলা সমিতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা ছিলো। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি, মাগুরা জেলা সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।





