অভয়নগরে ব্যবসায়ী দম্পতিসহ ১০ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় অভয়নগর উপজেলার বিশিষ্ট সার ব্যবসায়ী আবদুল গনি সরদার ও তার স্ত্রীসহ ১০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরে কর্মরত চিকিৎসক ডা. হাফিজা নার্গিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় অভয়নগরে আরও ১০ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। মৃত্যু হয়েছে একজনের, বাকিরা সবাই হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি না মানায় অভয়নগরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আগামীতে কী হবে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না।

ভাগ