স্টাফ রিপোর্টার ॥ যশোরে নবজাতককে হত্যার অভিযোগে তার মাসহ ৩ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে সাহেব আলী এই মামলা করেছেন।
আসামিরা হচ্ছেন-রামকৃষ্ণপুর গ্রামের মৃত বাবর আলী ওরফে বুদোর ছেলে আনিচুর রহমান, মৃত মফিজুর রহমানের ছেলে দুলাল ও বাঘারপাড়া উপজেলার চ-িপুর গ্রামের আকবর আলীর মেয়ে মোছা. লতিকা।
সাহেব আলীর অভিযোগ, লতিকা তার ছেলে আলিউল ইসলামের স্ত্রী ছিলো। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেমের সম্পর্ক থাকায় সে আসামি আনিচুরের হাত ধরে পালিয়ে যায়। সে আনিচুরের বাড়িতে সংসার করাকালে গত ২৭ এপ্রিল দুপুর দুটোর দিকে একটি সুস্থ ছেলে সন্তান প্রসব করে। এরপর ২৯ এপ্রিল গভীর রাতে লতিকা, আনিচুর ও অপর আসামি দুলাল পরস্পর যোগসাজসে তার (বাদীর) নবজাতক পোতাছেলেকে হত্যা করে কবরস্থানে মাটিচাপা দিয়ে রেখেছে। এ ঘটনা জানতে পেরে তিনি প্রথমে কোতয়ালি থানায় একটি জিডি করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করায়। পরে চিকিৎসকের দেয়া ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মাথায় আঘাতজনিত কারণে তার পোতাছেলে মারা গেছে। এ রিপোর্ট পাওয়ার পর তিনি কোতয়ালি থানায় উল্লিখিতদের বিরুদ্ধে মামলা করেন।





