সেই ছাত্রলীগকর্মী ওয়াসীর পরিবার এখন অসহায়

লোকসমাজ ডেস্ক॥ গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন চলাকালে মারা যাওয়া সুলতান মুহাম্মদ ওয়াসীর পরিবার এখন অসহায়। যুবলীগের এক নেতা ছাড়া কেউ খোঁজ নেয়নি তাদের। স্বামী ও সন্তান হারানোর পর আরেক সন্তানকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন ওয়াসীর মা। তিনি রাজধানীর পল্লবীতে ছোট একটি ঘর ভাড়া করে বাস করছেন। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় আত্মীয়-স্বজনের সহযোগিতার ওপর ভর করে দিন যাচ্ছে তাদের।
ওয়াসীর বয়স যখন ১০ বছর তখন তার বাবা তাদের ছেড়ে চলে যান। ফলে পরিবারটি অভিভাবকশূন‌্যতা এবং অর্থনৈতিক সংকটের মধ‌্যে দিয়ে সময় পার করছে এখন। তবে এত নিয়ে কষ্ট থাকলেও কাউকে দোষ দিতে চান না ওয়াসীর মা। ওয়াসীর মা বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে আমার ছেলে প্রাণ হারিয়েছে। আমি একজন ছাত্রলীগকর্মীর গর্বিত মা। ওয়াসী মারা যাওয়ার পর অনেকে অনেক আশ্বাস দিলেও পরে আর কেউ খোঁজ নেয়নি। এ নিয়ে আমার কোনো কষ্ট নেই। তবে আমি একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই।’ তিনি জানান, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এবং যুবলীগ নেতা এন আই আহমেদ সৈকত তাদের খোঁজ খবর নিয়েছেন। কষ্টের কথা জেনে তাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এন আই আহমেদ সৈকত বলেন, ‘ছাত্রলীগের এক ছোট ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আমাদের প্রত্যেকেরই এভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার। ওয়াসী ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মী ছিল। ছাত্রলীগ নেতৃবৃন্দের উচিত তার পরিবারের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়ানো। আমার জায়গা থেকে আমি সহযোগিতা করে যাব।’ উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন চলাকালে হিট স্ট্রোক করেন ওয়াসী। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভাগ