একদিনে পুলিশে ৪০৬ সদস্য করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

লোকসমাজ ডেস্ক॥ একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের ৪০৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবমিলিয়ে, সোমবার (৮ জুন) দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬১২ জনে। গতকাল এই সংখ্যা ছিল ৬ হাজার ২০৬। এর আগে গত ৪ জুন একদিনে সর্বোচ্চ ৩২৪ জন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক হাজার ৮৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় সোমবার পর্যন্ত পুলিশের ২ হাজার ৮২৩ জন সদস্য করোনাজয় করেছেন। গতকার পর্যন্ত পুলিশের মোট ২ হাজার ৩২ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ হাজার ৪৭৪ জন পুলিশ কর্মকর্তা। চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৯ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা বাকি একজন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন। পুলিশ সদরদফতর জানায়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

ভাগ