পুরস্কৃত হবে প্রতিটি ঘামের বিন্দু: মুশফিক

লোকসমাজ ডেস্ক॥ নিজের ব্যবস্থাপনায় মিরপুরের একাডেমিতে অনুশীলন করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। করোনা ঝুঁকির বিবেচনায় ক্রিকেট বোর্ড থেকে মেলেনি অনুমতি। তাইতো পুরনো ঠিকানাতেই ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন মুশফিক। আজও তেমনই এক দিন কাটিয়েছেন। রোববার ফিটনেস ট্রেনিং শেষে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন,‘পুরস্কৃত হবে প্রতিটি ঘামের বিন্দু।’ করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে গৃহবন্দি মুশফিক। চার দেয়ালে ফিটনেস অনুশীলন ছাড়া মুশফিকের করার আছে সামান্যই। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেন মুশফিক। অথচ প্রায় তিন মাস ব্যাট-বল নিয়ে কাজ করতে পারছেন না।
এ জন্য বোর্ডের আছে মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরে ব্যাটিং করার অনুমতি চেয়েছিলেন। পছন্দের কয়েকজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করতেন। ঘণ্টা তিনেক সময় কাটাতে চেয়েছিলেন ২২ গজে। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে ডানহাতি এ ব্যাটসম্যানকে মিরপুরে অনুশীলন করতে মানা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত সপ্তাহে রাইজিংবিডির সঙ্গে কথোপকথনে অনুশীলন করতে না পারার আক্ষেপ ঝরেছিল মুশফিকের কণ্ঠে, ‘ক্রিকেটীয় কর্মকাণ্ড এমনভাবে বন্ধ যে কোনও কিছুই করতে পারছি না। ফিটনেস লেভেল এখন দারুণ। প্রতিদিনই কাজ করছি। তবুও ব্যাট-বল নিয়ে কাজ করার একটা ব্যাপার থাকে…।’ সবুজ ঘাস আর ২২ গজে ফিরতে হাঁসফাঁস করছেন মুশফিক। এজন্য তাকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মুশফিক অনুশীলন করুক ঘণ্টার পর ঘণ্টা। এর আগে চলুক ঘণ্টার পর ঘণ্টার ফিটনেস ট্রেনিং।

ভাগ