যশোরে তিন দিনে কোন করোনা রোগী শনাক্ত হয়নি

বিএম আসাদ ॥ করোনাভাইরাসে যশোরে কেউ আক্রান্ত হয়নি। গতকাল খুলনা থেকে নমুনা পরীক্ষার ১২টি রিপোর্ট যশোর সিভিল সার্জন অফিসে এসেছে। সব রিপোর্টই নেগেটিভ বা করোনামুক্ত। গত ২৭ ও ২৮ মে যে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে, তাও ছিল নেগেটিভ। ফলে ৩ দিনে যশোরে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মো. রেহনেওয়াজ জানিয়েছেন, ২৯ মে পর্যন্ত যশোরে করোনা সন্দেহে ১ হাজার ৭শ’ ৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ভেতর ১ হাজার ৩শ’ ৪৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। পরীক্ষিত নমুনার মধ্যে ১শ’টি করোনা পজেটিভ বা কোভিড-১৯ সংক্রমণ প্রমাণিত হয়। উপজেলাওয়ারি এক পরিসংখ্যানে জানা গেছে, যশোর সদর উপজেলার ৬শ’ ১৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ভেতর ৫শ’ ২২টি পরীক্ষার রিপোর্ট এসেছে। তাতে আক্রান্ত ছিল ৩৫ জন।
চৌগাছা উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১শ’ ৮৯টি। রিপোর্ট আসে ১শ’ ৩৯টি। আক্রান্তের সংখ্যা ছিল ১৬ জন। কেশবপুর উপজেলায় নমুনা সংগ্রহ হয় ১শ’ ৮৫টি। পরীক্ষার রিপোর্ট আসে ১শ’ ৫৬টি। আক্রান্ত ১৩ জন। মনিরামপুর উপজেলায় নমুনা সংগ্রহ হয় ১শ’ ২০টি। পরীক্ষার রিপোর্ট আসে ৯৫টি। আক্রান্ত হন ১১ জন। শার্শা উপজেলায় নমুনা সংগ্রহ ১শ’ ৬৯টি। পরীক্ষার রিপোর্ট আসে ১শ’ ৪৪টি। কোভিড-১৯ এ আক্রান্ত হন ৮ জন। ঝিকরগাছা উপজেলায় নমুনা সংগ্রহ করা হয় ১শ’ ৭৫টি। রিপোর্ট আসে ১শ’ ২৬টি। অভয়নগর উপজেলায় নমুনা সংগ্রহ ১শ’ ৮৮টি। রিপোর্ট আসে ১শ’ ২১টি। ঝিকরগাছা ও অভয়নগর এ দু’টি উপজেলায় ৭ জন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। বাঘারপাড়া উপজেলায় ৫৪টি রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৪৪টি। এর ভেতর ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে, করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমনে এ পর্যন্ত যশোরে চিকিৎসক সেবিকাসহ ১শ’ জন আক্রান্ত হয়েছেন। করোনাকে জয় করে ৪৬ জন স্বাস্থ্যকর্মী কর্মস্থলে যোগদান করেছেন।
যশোর জেলায় যে ১শ’ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। আক্রান্তদের ভেতর ৪৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। আক্রান্ত ৪৬ জনের ভেতর ৩১ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। আক্রান্ত ৪৬ জনের ভেতর ১৭ জন চিকিৎসক। সুস্থ হয়ে উঠেছেন ১০ জন। ৯ জন সেবিকার মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। ৬ জন টেকনোলজিস্ট আক্রান্ত হলেও সকলেই এখন সুস্থ। এছাড়া ৪ জন স্যাকমোর মধ্যে ৩ জন এবং অন্যান্য পদের ৯ স্বাস্থ্যকর্মী ভেতর ৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত অন্যান্যদের মধ্যে ৩৪ জন এখনো অসুস্থ। তাদের মধ্যে ৭ জন হাসপাতাল আইসোলেশনে এবং ২৭ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ মে হতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার জেনোম সেন্টারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

ভাগ