স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের স্টেডিয়ামপাড়ায় জিমনেশিয়াম এলাকায় গতরাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আল-মামুন (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে সাব্বির, রাকিব, বাহিনীর লোকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুনের শিকার আল-মামুন স্টেডিয়ামপাড়ার আবুল বাশারের পুত্র। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। তার বন্ধু একই এলাকার আরাফাত হোসেন জানিয়েছেন, মাগরিবের পর আল-মামুন টিটো হেলালসহ কয়েকজন বন্ধু মিলে তারা জিমনেসিয়ামের পশ্চিমগেটের সামনে বসে গল্প করছিলেন। এ সময় সরকারি এমএম কলেজের পাশে বসবাসকারী সাব্বির, রাকিব, রফিক, একসিয়াম, ইমন, জয়, জাহিদসহ ৮/১০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে এসে আল-মামুনের সাথে মারামারি শুরু করে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে আল-মামুন গুরুতর আহত হন। পরে রাত ৭টা ২৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ডা. রায়হাতুল ইসলাম রাত ৯টার দিকে আল-মামুনকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে সাব্বির গ্রুপে তার ওপর হামলা চালিয়েছে বলে জানান আরাফাত।
অপরদিকে, একটি সূত্র জানিয়েছেন, কয়েক মাস আগে স্টেডিয়ামপাড়ার আল-আমিন নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছিল। এ ঘটনার প্রতিশোধ হিসেবে আল-আমিন গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানার ইন্সস্ট্রাক্টর মিলন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হাতে মিলন খুন হয়েছে।





