নড়াইলে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ

নড়াইল অফিস ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মৌলভী ধানাইড় গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় লোহাগড়া থানায় ১০জনকে আসামি করে মামলা দায়ের হলেও পুলিশ এজাহারভুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জেলার লোহাগড়া উপজেলার মৌলভী ধানাইড় গ্রামের মানিক ভূইয়ার সঙ্গে একই গ্রামের আরবান কাজীর লোকজনের মধ্যে পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত দু সপ্তাহ আগে থেকে চরম উত্তেজনা বিরাজ করে। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে গত ১৮ মে আরবান কাজীর পক্ষীয় লোক জালাল কাজী, আশিক কাজী ও সুজন মিলে মানিক ভূঁইয়ার পক্ষের সবুজ কাজীকে (২০) বেধড়ক মারধর করে। এ মারধরের ঘটনায় দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরবান কাজীর লোকজন বেপরোয়া হয়ে ওঠে। তারা মানিক ভূঁইয়া ও তার পক্ষীয় লোকজনদেরকে খুন-জখমসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের হুমকি দেয়। গত ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে মানিক ভূঁইয়ার ভাগ্নে বাশার কাজী, আত্মীয় রাসেল ও মিলন কাজীকে প্রতিপক্ষ আরবান কাজী ও তার লোকজন ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত বাশার কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাসেলকে ঢাকার ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে।

ভাগ