শৈলকুপায় একজনকে কুপিয়ে জখম, গাড়ি ভাঙচুর

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের অভ্যন্তরিণ বিরোধে দলের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এদিকে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর প্রাইভেটকার ভাঙচুর করা হয়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে শৈলকুপা মহিলা কলেজ রোড দিয়ে বাড়ি ফিরছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের বড় ভাই তোফাজ্জেল হোসেন। এসময় হামলার শিকার হন তোফাজ্জেল হোসেন। তাকে কুপিয়ে জখম করা হয়। তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর প্রাইভেট (ঢাকা মেট্রো গ-৩৫-২৭১৯) কারে হামলার ঘটনা ঘটে। মনোহরপুর ইউনিয়ন পরিষদে তার গাড়িটি ছিল। তবে তিনি পরিষদে ছিলেন না। এসময় একটি চায়ের দোকানও ভাডচুর করা হয়। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরিণ বিরোধে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে কর্মীরা জানিয়েছেন। প্রসঙ্গত, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা ও দলটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উপজেলা নির্বাচনের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে এই বিরোধ।

ভাগ