করমজল প্রজনন কেন্দ্রে মা কুমির ‘জুলিয়েট’ পাড়ল ৫২টি ডিম

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের মা কুমির ‘জুলিয়েট’ এবার ৫২টি ডিম পেড়েছে। শুক্রবার সকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে কুমিরটি এ ডিম দেয়। বাচ্চা ফোটানোর জন্য ১৪টি ডিম কুমিরটির নিজস্ব বাসা, ২৬টি ডিম কেন্দ্রের পুরাতন ইনকিউবেটরে ও ১২টি ডিম নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফোটার কথা রয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আজাদ কবির জানান, প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে মোট ১৯৫টি বাচ্চা রয়েছে। এর মধ্যে বড় কুমির রয়েছে ৬টি। কেন্দ্রের পুকুরে প্রজননের জন্য দুটি স্ত্রী ও একটি পুরুষ কুমির রয়েছে। বাকি কুমিরগুলো কেন্দ্রের প্যানে রেখে লালন পালন করা হচ্ছে। বংশ বৃদ্ধির উদ্দেশ্যে বিলুপ্ত প্রায় নোনা পানির এ কুমিরগুলোকে পরবর্তীতে বনের অভ্যন্তরের বিভিন্ন নদ নদীতে ছেড়ে দেওয়া হবে। এদিকে আগামী ১৫ দিনের মধ্যে অপর মা কুমির ‘পিলপিল’ এর ডিম পাড়ার কথা রয়েছে। প্রতি বছর মে ও জুন মাসে এ কুমির দুটি ডিম পেড়ে থাকে। গত বছর মা কুমির জুলিয়েট ও পিলপিল ডিম দিলেও তা থেকে কোনো বাচ্চা ফোটেনি।

ভাগ