স্টাফ রিপোর্টার ॥ ঈদের দিনে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে যশোর শহরের নাজির শংকরপুরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ৩ জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে শংকরপুর এলাকার এক যুবক ৩ যুবতীকে নিয়ে নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় ঘুরতে যায়। এ সময় হাজারী গেট এলাকার এক বখাটে ওই যুবতীদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করে। ফলে এ নিয়ে যুবতীদের সঙ্গী যুবকের সাথে বখাটের কথা কাটাকাটি হয়। পরে এ খবর জানাজানি হলে শংকরপুরের হাফিজুর রহমানের ছেলে আবু মুসার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় গিয়ে মহড়া দেয়। তারা রেললাইনের ওপর মফিজুর রহমান (২৬) নামে ওই এলাকার এক যুবককে দেখতে পেয়ে তাকে মারধর এবং ছুরিকাঘাত করে। এ সময় নাজির শংকরপুর হাজারী গেট এলাকার একদল সন্ত্রাসী তাদের ধাওয়া করে। তারা আবু মুসা গ্রুপের তানভীর ইসলাম সুইট এবং শুভ নামে দু’য্বুককে ধরে বেধড়ক মারধর করে। এর মধ্যে তানভীর ইসলাম সুইটকে ছুরিকাঘাতও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর ইসলাম সুইট এবং শুভকে আটক করে নিয়ে আসে। এছাড়া হামলার ঘটনার সাথে জড়িত ছুরিকাহত নাজির শংকরপুরের মফিজুর রহমানও পুলিশ আটক করে।
পুলিশ জানায়, নাজির শংকরপুরের মৃত আইয়ুব আলীর ছেলে মফিজুর রহমান এবং শংকরপুরের আলমগীর হোসেন ওরফে বেড়ে আলীর ছেলে তানভীর ইসলাম ছুরিকাঘাতের ঘটনায় ওইদিন রাতে কোতয়ালি থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। মফিজুর রহমানের মা সালেহা বেগমের দায়ের করা মামলার আসামিরা হচ্ছে-শংকরপুর ছোটনের মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে আবু মুসা, আব্দুল হালিম ওরফে ঠিলে মুন্সীর ছেলে টুনি শাওন, আলমগীর হোসেন ওরফে বেড়ে আলীর ছেলে তানভীর ইসলাম সুইট, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শেখ সোলাইমানের ছেলে শুভ, শংকরপুর ছোটনের মোড় এলাকার আমিনুলের ছেলে ইনা, কাজলের ছেলে বুলেট সাগর, শাহাজান মিস্ত্রির ছেলে শান্ত, আশরাফের ছেলে ঝন্টু, মান্নানের ছেলে রিপন ও রশিদের ছেলে সোহেল। অপরদিকে তানভীর ইসলাম সুইট ছুরিকাঘাতের ঘটনায় তার পিতা আলমগীর হোসেনের দায়ের করা মামলার আসামিরা হচ্ছে-নাজির শংকরপুর হাজারী গেট এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মফিজুর রহমান, নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার আজানুর। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। এ দুটি মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই শাহিদুল ইসলাম জানান, তিনি পাল্টাপাল্টি মামলার ৩ আসামি তানভীর ইসলাম সুইট, শুভ এবং মফিজুর রহমানকে আটক করেছেন। ২৬ মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।



