স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতরের দিনে মাগুরার শালিখা উপজেলার মনোখালী গ্রামে সন্ত্রাসী হামলায় ইসলাম মোল্যা (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইসলাম মোল্যা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে মাগরিববাদ তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পাশের গ্রাম গঙ্গারামপুরের আবির, বুলবুলি ও হাবিবুর রহমান নামে ৩ সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে পথের মাঝে ইসলাম মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে নাক, মুখ, মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানিয়েছেন, ইসলাম মোল্যা হাবিবুর রহমানের কাছ থেকে কিছুদিন আগে ৫ হাজার টাকা মূল্যে ধানের বিচালি ক্রয় করেন। কিন্তু বিচালি না দিয়ে টালবাহানা করতে থাকে। এ নিয়ে হাবিবুর রহমানের সাথে ইসলাম মোল্যার বচসা হয়। এর জের ধরে হাবিবুর রহমান সন্ত্রাসীদের ভাড়া করে এনে এ হামলা চালায়।




