স্টাফ রিপোর্টার, মণিরামপুর ॥ যশোরের মণিরামপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে খুন হয়েছেন শারীরিক প্রতিবন্ধী পিতা। গত বুধবার বেলা তিনটার দিকে মনিরামপুর উপজেলার চলুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সাহেল উদ্দিন (৬৫)। পুলিশ এ ঘটনায় জড়িত ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে। চলুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ সরদার জানান, শারীরিক প্রতিবন্ধী সাহেল উদ্দিনের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ইদ্রিস আলী মেঝ। দীর্ঘদিন ধরে তার মস্তিষ্ক বিকৃত থাকায় বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করানো হলেও সে সুস্থ হয়নি। এ কারণে ইদ্রিসকে তার পিতা-মাতা বাড়িতে সবসময় পায়ে শিকল বেঁধে রাখতেন। নিহত সাহেল উদ্দিনের স্ত্রী আয়জান বিবির উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান জানান, ঈদের তিনদিন আগে থেকে ইদ্রিসের পায়ের শিকল খুলে দেয়া হয়। গত বুধবার দুপুর বেলা তার পিতা জোহরের নামাজ আদায়ের পর বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় ইদ্রিস আচমকা একটি শাবল দিয়ে পিতার মাথায় কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন পিতা সাহেল উদ্দিন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত আটটার দিকে সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থলে যান। পিতাকে হত্যার দায়ে পুলিশ এ সময় ছেলে ইদ্রিস আলীকে আটক করেন।





