কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় দুইটি মাছের ঘেরে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৪৪ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনী এলকায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক নুর মোহাম্মদ কলারোয়া থানায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ঘের মালিক নুর মোহাম্মদ জানান, পুটুনী মৌজায় তার পাশাপাশি ৫ বিঘা ও ৭ বিঘা জলাকার বিশিষ্ট দুটি পাঙ্গাস মাছের ঘের আছে। ঘের দুটিতে তার আনুমানিক ১১শ মণ মাছ ছিল। তার এ রকম ১৯টি মাছের ঘের আছে। ২৪ মে রাত ১০ টার দিকে তিনি পুটুনী মৌজার ওই দুটি ঘের দেখাশুনা করে বাড়ি চলে আসেন। পর দিন ভোর সাড়ে ৫ টার দিকে ওই দুটি ঘেরে তিনি গিয়ে দেখতে পান মাছ মরে সব ভেসে উঠছে। যার ওজন প্রায় ৯শ মণ। তার ওই দুটি মাছের ঘেরে অজ্ঞাতনামা ব্যক্তিরা কীটনাশক প্রয়োগ করে ২শ মণ মাছ চুরি করে নিয়ে যায় এবং প্রায় ৯শ মণ মাছ মেরে ফেলে। এতে তার আনুমানিক ৪৪ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তার ধারণা, তার চির প্রতিদ্বন্দ্বী ঘের ব্যবসায়ী একই গ্রাম পুটুনী চারা বটতলা এলাকা আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলাম ওরফে ময়না (৪২) দীর্ঘদিন ধরে তার ক্ষতিসাধন করার পাঁয়তারা করে আসছে। তার আশঙ্কা ওই রেজাউল ইসলাম ও সাথে থাকা অজ্ঞাতনামা আসামিরা তার ঘেরে কীটনাশক প্রয়োগ করে ২শ মণ মাছ চুরি ও ৯শ মণ মাছ মেরে ক্ষতিসাধন করতে পারে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





