কলারোয়া (সাতক্ষীরা ) সংবাদদাতা ॥ কলারোয়ায় ছেলের ধাক্কায় বারান্দা থেকে পড়ে ইটের আঘাতে আহত বাবা নজরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছলিমপুর গ্রামে। এ ঘটনায় ২৬ মে ছেলের বিরুদ্ধে মা মাজিদা খাতুন কলারোয়া থানায় হত্যা মামলা করেছেন। মাজিদা খাতুন জানান, ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের বাড়ির বারান্দায় ঈদের জামা-কাপড় কেনার বিষয় নিয়ে আমার স্বামীর সাথে ছেলে নুরুল ইসলামের (১৯) কথাকাটাকাটি হচ্ছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে আমার স্বামীকে ধাক্কা মারে। বারান্দার নিচে পড়ে ইটের আঘাতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি রক্তাক্ত জখম হন। কলারোয়া ও সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার অবস্থা অবনতি দেখা দিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।





