নড়াইল অফিস ॥ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর ও কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাইয়ুম শিকদারকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।নিহত কাইয়ুম কলাবাড়িয়া-বিলাফার গ্রামের হাসমত আলী ওরফে হাসু শিকদারের ছেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা কাইয়ুম শিকদার ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি হাসনাত মোল্যা (৪২) এবং একই গ্রামের আপন দুই ভাই মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮) দুটি মোটরসাইকেলযোগে মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথিমধ্যে কালিনগর বটতলা মন্দিরের সন্নিকটে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা মোটরসাইকেল দুটির গতিরোধ করে কাইয়ুম শিকদারসহ ওই চারজনকে দেশীয় ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর জখম কাইয়ুমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় আহত নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি কলাবাড়িয়া গ্রামের আবুল হাসনাত মোল্যাকে এবং মতিয়ার মল্লিক ও সজীব মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম আরো বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।





