মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে হেলাল হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। হেলাল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগন্নি গ্রামের কৃষক বিল্লাল হোসেনের ছেলে।সে কেশবপুর উপজেলার একটি হাফিজীয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে হেলাল পাশের বাড়িতে বন্ধুদের সাথে খেলা করছিল। এ বাড়ির বিদ্যুৎ লাইনের তার ছিড়ে টিনের উপর পড়ে। এক পর্যায়ে হেলাল ওই টিনের ঘরের বেড়ায় হেলান দিয়ে দাড়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধারের পর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অরুন কুমার কুন্ড জানান, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন ওই বাড়ির একটি ঘর থেকে পার্শ্ববর্তি একটি ঘরে সাইট লাইনের মাধ্যমে বিদ্যুৎ নেয়া হয়েছিল। এ লাইনের তারের কভার ছিড়ে টিনের উপর পড়লে পুরো ঘরটি বিদ্যুতায়িত হওয়ায় এ দূর্ঘটনা ঘটে।

ভাগ