যশোরে রাসেল হত্যা মামলা গেল ডিবিতে

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলা কোতয়ালি থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ। গত ১৫ এপ্রিল রাতে বালিয়া ভেকুটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে খুন হন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা সাব্বির আহমেদ রাসেল। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বড়ভাই আল-আমিন গুরুতর জখম হন। এ ঘটনায় নিহতের বাবা আবু সালেক মৃধা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য শহিদুজ্জামান শহিদসহ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্তের দায়িত্বে ছিলেন থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) আহসান উলাহ চৌধুরী।
তিনি এজাহারভুক্ত আসামি পিচ্চি বাবুসহ ৬ জনকে আটকও করেছিলেন। এর মধ্যে পিচ্চি বাবু এবং সাগর নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পিচ্চি বাবুর জবানবন্দি থেকে হত্যার দিকনির্দেশনা এবং অর্থদাতা হিসেবে দুজনের নাম প্রকাশ পায়। এই দুজন হচ্ছেন-যুবলীগ নেতা শহিদুজ্জামান শহিদ এবং বালিয়া ভেকুটিয়া গ্রামের লিটন। জবানবন্দিতে প্রকাশ পাওয়া আসামি লিটন আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামের কাছের লোক হিসেবে পরিচিত। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর আহসান উলাহ চৌধুরী সম্প্রতি বেনাপোল পোর্ট থানায় বদলি হয়েছেন। তবে তিনি বদলি হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলাটি তার কাছ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের আদেশ দেয়। যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, রাসেল হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছে। তবে এখনো মামলার নথিপত্র তারা বুঝে পাননি।

ভাগ