বন্ধ বন্দরের অপারেশন কাজ শুরু : পশুর নদীতে লঞ্চ ডুবি, স্থাপনাসহ গাছপালার ক্ষয়ক্ষতি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি॥ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মোংলার পশুর নদীতে একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গেছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠাসহ কাঁচা ঘরবাড়ী ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম ও অসংখ্য চিংড়ি ঘের । অনেক জায়গায় ইটের সোলিং রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্দরের মালামাল ওঠানামার কাজসহ সকল অপারেশন কাজ গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, সাইকোন শেল্টারে আশ্রয় নেয়া লোকজনের মাঝে বৃহস্পতিবার সকালেও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দিনে এবং রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে নেয় ৪৮ হাজার মানুষ। ঝড় কিছুটা কমে যাওয়ায় তারা এখন নিজ বাড়ীঘরে চলে গিয়েছেন। তবে ঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা পাওয়ার পর জানানো হবে বলেও জানান তিনি।
পশুর নদীর তীরবর্তী কানাইনগর, কলাতলা, সুন্দরতলাসহ বিভিন্ন জায়গার দুর্বল ভেঁড়ী বাঁধের কয়েকটি জায়গা ধ্বসে পানিতে তলিয়ে গেছে। তবে আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী কয়েক ফুট উচ্চতার জলোচ্ছাসের কথা বলা হলেও মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলসহ সুন্দরবনের নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়। এ ছাড়া পানিতে অসংখ্য চিংড়ি ঘের তলিয়ে যাবার খবর পাওয়া গেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান জানান, চিংড়ি অধ্যুষিত মোংলা দুই সহ¯্রাধিক চিংড়ি ঘের সম্পূর্ণ ভেসে গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যাওয়া বন্দরের অপারেশন কাজ ৬০ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে। বন্দর জেটি ও চ্যানেলে অবস্থানরত ১০াট বাণিজ্যিক জাহাজ থেকে যথারীতি পণ্য ওঠানামার কাজ চালু করা হয়েছে। এদিকে আম্পানের তান্ডবে সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন, লাউডোব, দুবলা ও মরাপশুর ক্যাম্পের জেটি, ঘরবাড়ীসহ অন্যান্য স্থাপনা এবং বনের গাছপালার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের ভেতরে মিষ্টি পানির পুকুর প্লাবিত হয়েছে। এছাড়া বনপ্রহরীদের জব্দকৃত কাঠ জোয়ারের তেড়ে ভেসে গেছে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন। তবে এতে কোন জেলে নৌকা ডুবি, জেলে নিঁখোজ কিংবা হতাহতের খবর নেই বলেও জানান তিনি।

ভাগ