মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে মোংলা বন্দরে। এর প্রভাবে বুধবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সাথে মাঝে মধ্যে দমকা বাতাস বয়ে গেছে। শেশ খবর পাওয়া পর্যন্ত গুমোট আবহাওয়া বিরাজ করছিল। নদী ও সাগর উত্তাল রয়েছে। নদীতে জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে।
এদিকে বন্দর জেটিতে অবস্থানরত একটি বিদেশি জাহাজকে সরিয়ে নেয়ার পর এখন এ বন্দরের চ্যানেলে ১১টি বিদেশি জাহাজ পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। তবে এসব জাহাজের পাশ থেকে পণ্যবাহী লাইটার ও কার্গো জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্দরের সব অপারেশন কাজ বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ রেড এলার্ট জারি করেছে। বন্দর কর্তৃপক্ষ থেকে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজের জন্য বন্দরের নিজস্ব নৌযান, নৌ বাহিনী ও কোস্টগার্ড প্রস্তুতি নিয়ে রেখেছে। অপরদিকে আশ্রয় কেন্দ্রগুলো লোকজনকে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলো খুব বেশি লোকজন দেখা না গেলেও লোকজন উঠেছে গ্রামের সাইকোন শেল্টারগুলোতে। রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে সাইকোন শেল্টারে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার আরও লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনার উদ্যোগ নিয়েছে। এদেরকে শুকনোসহ আনুসাঙ্গিক খাবার সরবরাহ করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে ৮টি মেডিকেল টিম। শহরে মাইকিং চলছে লোকজনকে সতর্ক থাকাসহ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে। বন্দর, উপজেলা ও পৌর কর্তৃপক্ষ পৃথক কন্ট্রোল রুম খুলেছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগ দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।




