স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের চুড়ামনকাটি বাজারে সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পরিচালত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। পেশকার নাজমুল হুসাইন জানিয়েছেন, দুপুর ১টার দিকে চুড়ামনকাটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাজারের রাসেল স্টোর, জাহিদ স্টোর ও রুহুল আমিনের কাপড়ের দোকান খোলা পাওয়া যায়। এই অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রত্যেককে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




