খুলনায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় নেমেছেন নারীরা

লোকসমাজ ডেস্ক॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’র প্রভাবে উপকূলবর্তী খুলনার দাকোপ উপজেলার একটি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় এগিয়ে এসেছেন নারীরা।বুধবার (২০ মে) সকালে পুরুষের সঙ্গে নারীরাও নিজেদের ঘর-বাড়ি-সম্পদ রক্ষায় বাঁধ ঠেকাতে কাজ করছেন এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্র জানান, আম্ফানের প্রভাবে খুলনা অঞ্চলের অন্যান্য নদ-নদীর মত দাকোপ উপজেলার ঝপঝপিয়ে নদীর পানিও বেড়ে গেছে। এ কারণে উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের দক্ষিণপাড়া বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এ বাঁধ রক্ষায় বুধবার সকাল থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কেটে বাঁধ মজবুত করার চেষ্টা করেন। এ অবস্থা দেখে পুরুষের পাশাপাশি নারীরাও কাজে নেমে পড়েন।
বাঁধ রক্ষার কাজে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা গৃহবধূ শিল্প্রা হালদার ও নমিতা রায়সহ অন্যান্যরা বলেন, ‘এখন দুর্যোগময় মুহূর্ত। বিপদ আসলে সবাই ক্ষতিগ্রস্ত হবো। এ কারণে দ্রুত বাঁধ রক্ষা করা দরকার। তাই পুরুষের সঙ্গে তারাও কাজ করছেন।’
স্থানীয় পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের বলেন, ‘ঘুর্ণিঝড়ের প্রভাবে নদীর পানির উচ্চতা কয়েকফুট বেড়ে গেছে। এতে বাঁধও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর এ সময় কোনো শ্রমিকও পাওয়া যাচ্ছে না। সবাই নিজেদের রক্ষায় নিরাপদে যেতে ব্যস্ত। এ অবস্থায় এলাকার নারী-পুরুষরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই বাঁধ রক্ষায় কাজ করছেন।’

ভাগ