রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেহাটের রামপালে এই প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় ৮টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সূত্র জানায়, রামপাল উপজেলার বাবুরহাট গ্রামের এক মহিলা মুন্সিগঞ্জ থেকে কিছুদিন আগে বাড়িতে আসার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় বাগেরহাট জেলা সিভিল সার্জনের অফিস থেকে তার পজেটিভ রিপোর্ট আসে। এদিকে পজেটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন দ্রুত ওই বাড়িসহ ৮টি বাড়ি লকডাউন ঘোষনা করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে স্থানীয় ফয়লা বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, এ পর্যন্ত ২৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে সোমবার এক মহিলার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকি ২৪ জনের নেগেটিভ রিপোর্ট আসে। এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল জানান, বাড়ি লক ডাউনের পাশাপাশি পার্শবর্তী ফয়লা বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চালার জন্য ব্যাপক প্রচার প্রচারণা ও জরুরি প্রয়োজন না হলে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে।





