স্টাফ রিপোর্টার ॥ যশোরে মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করায় সাইকলের দোকানসহ ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের আর এন রোডে অভিযান চালান। এ সময় সেখানে রূপসা সাইকেল স্টোর নামে একটি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খুলে রাখা দেখতে পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সদর উপজেলার রূপদিয়া বাজারে একই ভ্রাম্যমাণ অভিযান চালান। বাজারে এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রিন্স টেইলার্স এবং লোকনাথ বস্ত্রালয় নামে দুটি দোকান খোলা ছিলো। এ অপরাধে আদালত প্রিন্স টেইলার্সকে ৪ হাজার টাকা এবং লোকনাথ বস্ত্রালয়কে ৩ হাজার টাকা জরিমানা করেন।





