পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইমদাদুল হক, আসমা আহম্মেদ, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, গাজী অহেদ আলী, আলাউদ্দিন গাজী, গাজী আব্দুস সালাম, কবিতা রানী দাশ, সচিব লেয়াকত আলী, ইঞ্জিনিয়ার নুর আহম্মদ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা ও শেখ শহিদুল ইসলাম বাবলু। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি আশ্রয় কেন্দ্র ও ৯ জন কাউন্সিলরের নেতৃত্বে ৫ সদস্যের স্বেচ্ছাসেবী কমিটি করা হয়েছে। পর্যাপ্ত পরিমান শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৮ হাজার লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে শুকনো খাবার, যাতায়াতের ব্যবস্থা ও মেডিকেল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৯৬৯-৬৫৫৮৮৮, ০১৭১৭-৯১৬৭৯৮ হটলাইনের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা ও পৌর অভ্যন্তরে সতর্কতায় মাইকিং অব্যাহত রয়েছে।





