স্টাফ রিপোর্টার ॥ যশোরের মেস মালিকরা ৬০ শতাংশ বাড়িভাড়া মওকুফের সিদ্ধান্তে ভিন্নমত প্রকাশ করেছেন। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সঠিক বাড়িভাড়া পাওয়ার আবেদন জানিয়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসককে দেয়া এক স্মারকলিপিতে মেস মালিকরা এ দাবি জানান। স্মারকলিপিতে তারা কিছু বিষয় বিবেচনার জন্যে তুলে ধরেন। বিষয়গুলো হচ্ছে- মেসমালিকগণ বহু কষ্ট করে ছাত্রদের মঙ্গলার্থে বাড়ি নির্মাণ করতে গিয়ে হারিয়েছি কৃষি জমি ও ভিটা জমি। এছাড়া নিয়েছে ব্যাংক, ঘএঙ ও বিভিন্ন প্রতিষ্ঠান হতে ঋণ। তারা কিস্তি নিতে হয়ত দেরি করবে কিন্তু সুদ মওকুফ করবে না। বা কিস্তি মওকুফ করবে না।
ছাত্রদের মেস ভাড়ার বিষয়টি শুধুমাত্র যশোর জেলার নয়। এটা সারাদেশব্যাপী। এটার সমাধান বা মওকুফের ব্যবস্থা হতে হলে জাতীয়ভাবে হতে হবে। শুধুমাত্র যশোর জেলার মালিকদের উপর চাপিয়ে দিলেই চলবে না।
ছাত্রদের বাড়িভাড়া মওকুফের কথা বললেও মেস মালিকদের হোল্ডিং ট্যাক্স মওকুফ বা পান বিল, বিদ্যুৎ বিল মওকুফের কোন প্রসঙ্গ আনা হয়নি। স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্রদের প্রতি আমাদের মায়া-মমত্ববোধ কোন অংশে কম নেই। মেসের সব ছাত্রই অস্বচ্ছল নয়। হাতেগোনা দুই একজন অস্বচ্ছল। তাই, এই অস্বচ্ছলতার সুযোগ নিয়ে সকল ছাত্র এই সুযোগ গ্রহণ করতে চায়। মেস ভাড়া মেস মালিকদের অনেকেরই সংসারের রুটি-রুজির উৎস। এছাড়া সন্তানদের লেখাপড়ার খরচসহ সকল খরচ এর দ্বারা নির্বাহ করা হয়। বিষয়সমূহ বিবেচনা করে মেস মালিকরা যাতে সঠিক বাড়িভাড়া পেতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়েছে। ৫০ জন মালিক এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন।




