অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ অভয়নগরে বৃদ্ধ ও শিশুর করোনা মুক্তির পর এবার এক গৃহিনীর (৪২) নমুনায় পাওয়া গেছে করোনা পজিটিভ। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মহাকাল ভূমি অফিসের সামনে আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষণা সহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আক্রান্ত গৃহিনীর বাবা জানান, ৩ অথবা ৪ মে ভারতে চিকিৎসা শেষে বেনাপোল বন্দর হয়ে বড় মেয়ে ও জামাই আমার বাড়িতে আসে। গত বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত জামাই অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জামাই ও মেয়ের নমুনা সংগ্রহ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, স্বামী-স্ত্রী দুইজনকে সন্দেহ হলে শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সকালে খুলনা মেডিক্যাল ক.েজের পরীক্ষা কেন্দ্র থেকে মহিলার (স্ত্রী) করোনা পজিটিভের রিপোর্টা পাওয়া যায়। বর্তমানে তিনি ভালো আছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন। সোমবার সকালে আক্রান্তের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন এর নির্দেশনায় রবিবার বিকালে আক্রান্তের বাবার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।





