শৈলকুপায় আবার খুন: ভাতিজা পিটিয়ে মারলো চাচাকে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপায় আবারো খুন হয়েছে। তুচ্ছ ঘটনায় শৈলকুপার উপজেলার হরড়া গ্রামে নজির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ১৮ দিনের ব্যবধানে শৈলকুপায় দুইজন ছাত্রসহ ৫ জন খুন হলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত নজির উদ্দীন জোয়ারদার দিগনগর ইউনিয়নের হরড়া গ্রামের তাছের জোয়ারদারের ছেলে। পুলিশ জানায়, ঘুড়ি ওড়ানো ও গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে সানোয়ার জোয়ারদার ছনুর ছেলে রাজন জোয়ারদারের (২৮) সাথে চাচা নজিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজন চাচার মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে নাজির গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে শৈলকুপায় একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছেন। নেটিজেনরা এ হত্যাকান্ডের পেছনে বিচারহীনতা ও গ্রামে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মারাত্মক সামাজিক দ্বন্দকে দায়ী করেছেন। উল্লেখ্য গত ২৯ এপ্রিল উপজেলার শেখপাড়া গ্রামে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আরাফাত প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হন। ৩ মে হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে খুন হন দবির উদ্দিনের ছেলে মুদি দোকানি জোয়াদ আলী। এরপর গত ১১ মে সোমবার শৈলকুপার ধুলিয়াপাড়া গ্রামে এক ছাত্রসহ জোড়া খুনের ঘটনা ঘটে।

ভাগ