বাংলাদেশকে নিয়ে জুলাইয়ে ক্রিকেট ফেরাতে চাইছে শ্রীলঙ্কা

লোকসমাজ ডেস্ক॥ জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আর সেক্ষেত্রে তারা নিজেদের দেশে ভারত ও বাংলাদেশকে আতিথেয়তা দিতে চাইছে। আর যদি এটা হয়, তবে করোনা পরবরর্তী সময়ে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। শ্রীলঙ্কায় বর্তমানে করোনাভাইরাসের প্রভাব কিছুটা স্থিতিশীল আছে। করোনা ঠেকাতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু গত দুই সপ্তাহ ধরে সেখানে নতুন রোগী তেমন না বাড়ায় কারফিউ উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। যদিও সেখানে এখনও ৫০০ রোগীর কোভিড-১৯ পজেটিভ। তবে তারাও আছেন আইসোলেশনে। ফলে বছরের মাঝামাঝিতে ক্রিকেট ফেরানোর চেষ্টায় আছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে খেলা ফেরানোর জন্য দেশটির সরকারও জানিয়েছে, বাংলাদেশ বা ভারতের খেলোয়াড়দের আনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করবে তারা। এমনকি খেলার মাঠে খেলোয়ারদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে এখনও সাড়া দেয়নি বাংলাদেশ কিংবা ভারতের ক্রিকেট বোর্ড। কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। খেলোয়াড়দের যথাযথ ভ্রমণ, কিংবা কোয়ারেন্টাইনে রাখা সবকিছু বিবেচনায় নিতে হচ্ছে বোর্ডগুলোকে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের একটা সিরিজ খেলার কথা। আর ভারতের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলংকার। আসন্ন এই সিরিজের জন্য প্রস্তাব দিয়ে এখনো উত্তর পাননি জানিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ দুই ক্রিকেট বোর্ডকে আসন্ন সিরিজ আয়োজন করার বিষয়ে জানিয়েছি। তবে এখনো কোনো উত্তর পায়নি।’
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তেমন কিছু জানানো না হলেও। কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো ভ্রমণ জটিলতা রয়েছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। এছাড়াও দুই দেশে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখার বিষয়ও রয়েছে। আমাদের খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সবার আগে মাথায় রাখছি। তবে সিরিজটা হতে পারে। আমরা শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা সফরের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’ করোনার কারণে শ্রীলঙ্কা ইতিমধ্যে ঘরের মাঠের দুটি সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশও বাতিল করেছে পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর।

ভাগ