করোনা জয় করে একদিনে কাজে ফিরলেন ৪৭ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

0

লোকসমাজ ডেস্ক॥ ফ্রন্টলাইনের যোদ্ধা বলা হয় স্বাস্থ্যকর্মীদের। নানা ঝুঁকি জেনেও করোনা মহামারিতে কাজ করে যাচ্ছেন তারা। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্তও নেহায়েত কম নয়। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিনে চিকিৎসা দিতে গিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৮৭ জন চিকিৎসক, ৩৩ জন নার্স ও ৪৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য থেকে ৪২ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে উঠেছেন। শুধু তাই নয়, সুস্থ হয়ে তারা আবার যোগ দিয়েছেন কাজে। শনিবার এই ৪৬ জন একদিনে হাসপাতালে কাজে যোগ দেন। এ সময় হাসপাতালের পরিচালক ও অন্যান্য কর্মীরা তাদের হাতে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এপ্রিলের শেষের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিপুল সংখ্যক কর্মীর করোনা আক্রান্তের ঘটনায় প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ, পেডিয়াট্রিক বিভাগ আংশিক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুরোটাই লকডাউন করা হয়। ব্যাহত হয় চিকিৎসাসেবা। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, করোনা আক্রান্তদের মধ্য থেকে যারা সুস্থ হয়েছেন তারা শনিবার কাজে যোগ দিয়েছেন। তারা আবার রোগীদের চিকিৎসা দেবেন। তারা তাদের মনোবল ধরে রেখে আবারো কাজে যোগ দিয়েছেন তাই তাদের স্বাগত জানিয়েছি। সারা দেশের অন্য চিকিৎসকরাও তাদের দেখে অনুপ্রাণিত হবেন এতে করে। তিনি বলেন, এই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের দেখে অন্য যারা কাজ করছেন তারা সাহস পাবেন। তাদের ভয় কেটে যাবে। উল্লেখ্য, এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন।